ড্যান কেক বাংলাদেশের কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। গতকাল সোমবার সাভারে অবস্থিত ড্যান কেকের কারখানাটি পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ড্যান ফুডসের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শাহ মাসুদ ইমাম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেনমার্কের রাষ্ট্রদূতের এই সফরের লক্ষ্য ছিল ড্যান কেকের গুণগত মান, উদ্ভাবনী সক্ষমতা ও টেকসই খাদ্য উৎপাদনের প্রতি কোম্পানির প্রতিশ্রুতি তুলে ধরা।
কারখানায় রাষ্ট্রদূত ও দূতাবাসের প্রতিনিধিদের স্বাগত জানান ড্যান ফুডসের কর্মকর্তারা। এরপর তাঁদের কারখানার বিভিন্ন উৎপাদনপ্রক্রিয়া ঘুরিয়ে দেখানো হয়। পরিদর্শন শেষে রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের অংশীদারত্ব শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত এবং তা ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে।’
এ সময় ড্যান ফুডসের সিওও শাহ মাসুদ ইমাম বলেন, ‘রাষ্ট্রদূত ও দূতাবাসের প্রতিনিধিদের আমাদের কারখানায় স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই সফর ডেনমার্ক ও বাংলাদেশের মধ্যে খাদ্য ও ভোক্তাপণ্য খাতে দৃঢ় অংশীদারত্বের প্রতিফলন।’
